
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। এঘটনায় সাতজন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিহত শিক্ষার্থীরা হলেন,মোজাম্মেল হোসেন নাইম (২৪),মুবতাসিম রহমান মাহিম (২২) এবং জোবায়ের আলম সাকিব (২২)। রোববার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় দৈনিক আলোকিত সকালকে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন। তিনি বলেন, শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজি (আইইউটি)-এর পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরো জানান, গত শনিবার রাতে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম, সদর-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া শাখাওয়াত হোসেন, আবুল কাশেমসহ ৭ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।





























