
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে জিএমপি টঙ্গী থানা পুলিশ। এসব মালামাল উদ্ধার এর সময় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৩ টার সময় মহানগরীর মীরের বাজার এলাকা থেকে তাকেগ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩ টার সময় প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন। গ্রেফতারকৃত মো.পারভেজ (২৫) টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীরটেকের লোকমান ওরফে বিপ্লবের ছেলে।উপ-পুলিশ কমিশনার বলেন,বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরে টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এসময় একটি কাভার্ড ভ্যান ও গাড়ীতে থাকা বিস্কুটসহ ভ্যারাইটিজ মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাত। পরে ভুক্তভোগী থানায় মামলা করলে ওই রাতেই অভিযান পরিচালনা করে মহানগরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামাল ও কাভার্ড ভ্যান। তিনি আরো বলেন,তার কাছ থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি কাভার্ড ভ্যান যাহার মূল্য আনুমানিক ১৪ লাখ টাকা এবং বিস্কুটসহ ভ্যারাইটিজ মালামাল যাহার মূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে।শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ এর ওই কর্মকর্তা।





























