
গুরুদাসপুর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট গ্রামের মজিবর রহমানের ছেলে মিন্টু (১৮) ও মো. শাকিল (১৯)।
নাটোর সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টি করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যরা। তারা চাঁদাবাজি ও রাহাজানির জন্য বিয়াঘাটের সাধারণ মানুষকে জিম্মি করে। তাদের ভয়ে ওই এলাকার লোকজন আতঙ্কিত হয়ে সেনাবাহিনী ক্যাম্পে ফোনে বিষয়টি জানান। এরপরই সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। তাদের আটকে সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে স্থানীয়রা।
গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিনুল ইসলাম নিশ্চিত করে বলেন, আটকের পর থানায় দুই জনকেই হস্তান্তর করেছে সেনাবাহিনী। আইনি প্রক্রিয়া শেষে তাদের নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























