
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় শতাধিক মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, এ ধরনের খাদ্য বিতরণ রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত ছিল। তিনি বলেন, ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালিত হলে মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় সহায়তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সামনে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও লুণ্ঠনের অবসান ঘটবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, দেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে জনগণের কষ্ট লাঘব হবে। তিনি হযরত ওমর (রা.)-এর শাসনামলের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, জনসেবামুখী নেতৃত্ব মানুষের দোরগোড়ায় সহায়তা পৌঁছে দিতে পারে।
এ সময় মহানগরী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সংগঠনটির সহযোগিতায় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।





























