
মোতালেব হোসেন, কুমিল্লাঃ
কুমিল্লা চান্দিনার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথম দিকে চান্দিনা ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটন আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পরবর্তীতে বেকাপ ইউনিট হিসেবে যুক্ত হয় কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের আরো ৩ টি ইউনিট। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজার মসজিদের পাশের ছালাম মিষ্টান্ন ভান্ডার নামে
একটি মিষ্টির দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়। ওই আগুন মুহূর্তের মধ্যে আশপাশের টিনশেড দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল হোসেন জানান, মাধাইয়া বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যবসায়ী এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। এতে শতাধিক দোকান পুড়ে গেছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাস সংবাদ দিগন্তকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছালাম মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর পানি আনতে হয়েছে দূরের পুকুর থেকে। সেইসঙ্গে মহাসড়কে যানজট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। মোট কয়টি দোকান ভস্মীভূত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমান এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে শতাধিক দোকান পুড়েছে।





























