
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘এখন আর রাজনৈতিক চাপ ও ভয় নেই। তাই ছোট বড় কোন মাদক কারবারিকে ছাড় দেয়া হবে না। আমরা মাদক কারবারিদের গ্রেপ্তার করবো।’ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়তে শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই মধ্যে ১১২০ জন বড় মাদক কারবারির মধ্যে ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
তবে নিজেদের ব্যর্থতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের পোশাক রয়েছে, তবে অস্ত্র নেই। এটা একটা ঝুঁকি। এরপরও পুলিশ, র্যাব, বিজিবির সহযোগিতায় প্রতিনিয়ত মাদককারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক খুরশিদ আলম। জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, জেলা সিভিল সার্জন মশিউর রহমান, র্যাব-১১ এর অধিনায়ক তানভীর পাশা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলামসহ অনেকে।





























