
আতিক ফারুকী,নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কাউন্সিল আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়ন বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এ কাউন্সিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির এক জরুরি সভায় আনুষ্ঠানিকভাবে এ তারিখ ঘোষণা করা হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু হায়াতকে প্রধান নির্বাচন কমিশনার এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনুকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, মো. মোশাহিদ তালুকদার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে ৩ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ৮ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।





























