
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম(৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২১ অক্টোবর)রাত সাড়ে আটটার দিকে উপজেলার মহিষখলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বহেরাতলী গ্রামের মোঃ শুক্কুর আলীর ছেলে মো:শহিদুল ইসলাম।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে ও আরও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামী করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক মো:শহিদুল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: সজীব রহমান বলেন,বংশীকুন্ডা উত্তর ইউপি যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশি অভিযান অব্যাহত আছে।





























