
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহসাপতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১২টি কলেজের গড় পাসের হার ৩৯.১৯ শতাংশ। উপজেলায় অধ্যাপক আব্দুল মজিদ কলেজে ২৫টি জিপিএ সহ ৭৫.৯০ শতাংশ শিক্ষার্থী পাশ করে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে। কলেজটির ৬৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২৯ জন পাস করেছে।
অন্যদিকে বেশিরভাগ কলেজেই ফলাফল আশানুরূপ হয়নি বলে জানা যায়। এর মধ্যে কুড়েরপাড় আদর্শ কলেজে পাশের হার ১৮.৫৭ শতাংশ, বাশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রী কলেজ ১৮.৯২ শতাংশ, চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ ২৫.১৩শতাংশ, সামছুল হক কলেজ ২৫.১৭ শতাংশ, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগী কলেজ ২৫.৮৪ শতাংশ, বাইড়া মোঃ আরিফ স্কুল এন্ড কলেজ ২৮.২৬ শতাংশ ও বেগম সুফিয়া শওকত কলেজ ৩০.৯১ শতাংশ।
শিক্ষা বিশেষজ্ঞদের মতে, কম পাশের হার মূলত মানসম্পন্ন শিক্ষক সংকট, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির ঘাটতি, পড়াশোনায় অনীহা ও অভিভাবকদের সচেতনতার অভাব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, এইচএসসি পরীক্ষায় পাশের হার নিম্নমুখী হওয়ায় আমরা কলেজ শিক্ষকদের নিয়ে দ্রুতই পর্যালোচনা সভা করব এবং প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানিয়েছেন, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ফলাফল প্রশংসনীয় হলেও অন্যান্য কলেজের ফলাফল সন্তোষজনক নয়। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্যতার কথাও বলেন।





























