
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে "তারুণ্যের উৎসব ২০২৫"। "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" স্লোগানে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে নগর পার্কে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম। তিনি বলেন, “তারুণ্যের এ উদ্যোগ শহরকে পরিচ্ছন্ন এবং বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এ সময় উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজ, সহকারী সচিব ইশরাত জাকিয়া এবং মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম।
এ আয়োজন সাফল্যমণ্ডিত করতে নগর যুব কাউন্সিল, স্বেচ্ছাসেবক সংগঠন বিডি ক্লিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সিডিসি’র প্রতিনিধি সহ শতাধিক নাগরিক শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জানায়, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলমান এই উৎসবে থাকবে কর্মশালা, সমাবেশ, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কার্যক্রম তরুণদের সামাজিক উন্নয়ন, সংস্কৃতি এবং খেলাধুলায় আরও বেশি সক্রিয় হতে উৎসাহিত করবে।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শহরকে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করতে এবং তরুণ প্রজন্মকে সমাজ উন্নয়নে আরও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উৎসব শুধু নগরের নয়, দেশের সামগ্রিক উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।





























