
নারায়ণগঞ্জে বেসামরিক জনগণকে গত ১৫ বছর ধরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো এবং আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই আন্দোলন দমাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক এমপিসহ দলের নেতারা যত্রতত্রভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। যার ভিডিও ইতিমধ্যে যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬’ অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের লাইসেন্সের বিপরীতে নেওয়া অস্ত্র শুধু আত্মরক্ষার জন্য বহন ও ব্যবহার করতে পারবেন। অন্যের ভীতি বা বিরক্তি তৈরি হতে পারে, এমন ক্ষেত্রে অস্ত্র প্রদর্শন করা যাবে না। এটা করলে তাঁর অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।





























