
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪৩০ কেজি পলিথিন জব্দ এবং দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) এ অভিযান পরিচালিত হয় নারায়ণগঞ্জ সদর উপজেলার দিগুবাবুর বাজার এলাকায়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার। অভিযানটি পরিচালনায় সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম।
অভিযানে হাফিজ স্টোর এবং সিদ্দিক স্টোর নামক দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষিদ্ধ পলিথিন মজুদ ও প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারায় এই দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৪৩০ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন এবং মো. রাসেল মাহমুদ অভিযানে উপস্থিত ছিলেন। তারা জানান, “নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
পরিবেশ অধিদপ্তর আরও জানায়, নারায়ণগঞ্জে পলিথিনের উৎপাদন, মজুদ, ব্যবহার এবং বাজারজাতকরণ রোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।





























