
বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণকারী চারটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) ধারা লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
জরিমানা পাওয়া প্রতিষ্ঠানসমূহ: পরিবেশ দূষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়, যার মধ্যে আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আল-বাকারা স্টীল মিলস লিমিটেড উভয়কে ২,০০,০০০ টাকা করে, বিসমিল্লাহ নীট ফিনিশিং এবং বিসমিল্লাহ ফেব্রিক্স প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য এলাকায় পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রতিষ্ঠানকে পরিবেশগত আইন লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না। শিল্প কারখানাগুলোর প্রতি পরিবেশ সংরক্ষণ আইন মেনে চলার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়েছে যে, ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





























