
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তলসহ এসএম ফাইয়াজ হাসান নিলয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উত্তর কাশিপুর আলীপাড়ার বেবি বেগমের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিবিহীন একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ফাইয়াজ হাসান নিলয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর পুত্র। বর্তমানে তিনি সপরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করছেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত নিলয়ের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সি আরও বলেন, “অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





























