
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও প্রদর্শনের দায়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬ কেজি পলিথিন জব্দ করা হয় এবং মোট ২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সিদ্ধিরগঞ্জ সার্কেল, দেবযানী করের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে আদমজী বাজারের আবু বক্কর সিদ্দিক স্টোর ও সজল মল্লিক স্টোর থেকে মোট ৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং প্রতিটি প্রতিষ্ঠানকে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





























