
নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে পাঁচটি যানবাহনের মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে এসব গাড়ির হর্ণও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং খন্দকার শমিত রাজা’র নেতৃত্বে সদর উপজেলায় এই অভিযান পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল মাহামুদ প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ৫টি যানবাহন থেকে জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ রোধে নারায়ণগঞ্জ জেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।





























