
হিজির মোঃ মোস্তফা, চট্টগ্রাম মহানগর:নগর পিতা নয়, নগর সেবক হিসেবে ৭০ লাখ মানুষের পাশে থাকতে চান চসিকের মেয়র, বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন।মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে সংবর্ধনায় তিনি নেতাকর্মীদের বলেন, আপনারা গত ১৮ বছর ঘরে থাকতে পারেননি, আপনাদের পরিবারের খোঁজ নেওয়ার কোনো মানুষ ছিল না। আপনাদের বাচ্চাদের খোঁজ রাখার মানুষ ছিল না। আপনাদের পরিবারের বাজার করার টাকা ছিল না। অর্ধাহারে অনাহারে আপনারা দিন কাটিয়েছেন। এ অসহায়ত্ব আমি দেখেছি। আপনাদের এ ঋণ আমি শোধ করতে পারব না। সারা দেশে খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা হয়েছে। মানুষ অসংখ্য মামলায় নির্যাতিত হয়েছে। চট্টগ্রামসহ বাংলাদেশে ১ লাখ মামলার ৬০ লাখ নেতাকর্মী আসামি হয়েছে। তারপরও আপনারা আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি আরও বলেন, চট্টগ্রাম আমার একার শহর নয়, এ শহর ৭০ লাখ মানুষের। আসুন সবাই মিলে একযোগে একটি সুন্দর শহর আমরা গড়ে তুলি।এ শহর হবে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি। আমাকে একটু সময় দিন।রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়রের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।উল্লেখ্য,গত মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।গত ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ তৎসহ নির্বাচন বিধিমালা ২০১০ এর ৫৩ নম্বর বিধি ও ২ নম্বর উপবিধি মোতাবেক মামলাটি দায়ের করেন শাহাদাত।





























