
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘প্রশাসনে এখনও হাসিনা রিজিমের থাবা রয়ে গেছে। এ কারণে এই জাতি এখনো পরিবর্তন হতে পারিনি। চাঁদাবাজদের অবস্থা এখনো আগের মতোই আছে। ইসলামী ছাত্রশিবির নৈতিক শিক্ষার মডেল তৈরি করতে চায়, কারণ আমাদের নৈতিকতার মডেল বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)।’
শনিবার (১২ অক্টোবর) নগরীর ইসদাইরে বাংলা ভবনে নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র শিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের একমাত্র মডেল আমরা তাকেই অনুসরণ অনুকরণ করবো। জীবনের সর্বক্ষেত্রে রাসূলের আর্দশ মেনে চলবো। তাহলেই দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি। এই রোগাক্রান্ত সমাজ ব্যবস্থাকে আমাদেরই সুস্থ করে তোলতে হবে।’
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রেীয় শিবিরের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারকে মানবিক হিসেবে দাঁড়াতে হবে। যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে। দেশের উন্নতি সাধনে ছাত্রশিবিরকে জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে হবে।
কেন্দ্রীয় কর্ম পারিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ বলেন, সকলেই যেনো ভালো মুসলিম হতে পারি সেই প্রচেষ্টা করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগরী ছাত্র শিবিরের সভাপতি আসাদুজ্জামান রাকিবের সভাপতিত্বে সাথী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শাফিউল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো. সিবগাতুল্লাহ, জেলা শিবির সভাপতি আবু সুফিয়ান, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি মানোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসাইন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য, মহানগর ও জেলা পর্যায়ের শিবিরের নেতৃবৃন্দ।





























