
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার ও ইট বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে রূপসী-কাঞ্চন সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলো, হৃদয় (২৬) মোটরসাইকেল আরোহী, পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী। আহতরা হলো, তাহের আলী, সাব্বির, রাধামন, অনিক ও আমিনুল।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির মিয়া জানান, সকাল ৯টার দিকে এয়ারপোর্টগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী নিহত হন। একই সময়ে ইট বহনকারী একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী হৃদয় মিয়া প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাইভেটকার ও ইটবাহী গাড়ির চালকদের আটক করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, সড়কটিতে ট্রাফিক নিয়ন্ত্রণের তেমন কোনো ব্যবস্থা নেই। চালকদের অসতর্কতা এবং অতিরিক্ত গতিই এই দুর্ঘটনার কারণ।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





























