
আরাফাত আলী,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ৭ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। কমলা খাতুন দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী। নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা খাতুনকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। পারিবারিক বিরোধের জেরে কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। শুক্রবার ভোরে তিনি নামাজ পড়তে উঠেন। এসময় তিনি কমলার ঘরের দরজা খোলা দেখেন। তাকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ি থেকে অল্পদূরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কমলার গলাকাটা মরদেহ দেখতে পান। মরদেহের পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাঁ, কমলার ব্যবহৃত চপ্পল ছিল।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, হত্যার রহস্য উদঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন বউমাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





























