
শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলার বেতমারী ঘুঘরাকান্দি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু বিরুদ্ধে বাড়ি দখল, পরিবারের উপর ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীর পৈতৃক জমিতে ঘর তুলতে গেলে বাধা প্রদান করে, তাদের মারধর ও হুমকি দেয়। পরে বাড়ির চারপাশ বাঁশ দিয়ে প্রাচীর তৈরি করে ভেতরে থাকা নারী ও শিশুদের কার্যত বন্দি করে রাখা হয়।
ভুক্তভোগী মো. আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, “আমাদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চলছে। ঘরের চারপাশে বাঁশের বেড়া দিয়ে বন্দি করে রাখা হয়েছে। আমরা এখন ঘরে থেকেও নিরাপদ নই। চেয়ারম্যান ও তার সহযোগীরা আমাদের উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। এছাড়া আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”
অন্য একজন ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, “চেয়ারম্যান আমাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। চাচার জমি দখল করে পাশের বাড়ির জন্য রাস্তা নির্মাণের নামে ৫ লাখ টাকা গ্রহণ করেছে। আমরা পরিবার-পরিজন নিয়ে ভয়ে দিন কাটাচ্ছি।” স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর জমিতে থাকা প্রায় ৪০টি ফলদ গাছও জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে।
অভিযুক্ত (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অপু অভিযোগ অস্বীকার করে বলেন, “সবই মিথ্যা ও ভিত্তিহীন। আমি কখনও এমন কাজ করিনি।”
শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, “এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, জনপ্রতিনিধির পদে থেকে যদি একজন চেয়ারম্যান সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা করে, তবে তা সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচার দাবি করেছেন।





























