
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীর বিহারী ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১টা ১০মিনিটে বাজারের সবজি ও ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের শিখা দেখা যায়, যা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সবজি, ফলসহ অন্যান্য পণ্যের দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। দোকান মালিকদের অনেকেই তাদের সব হারিয়ে দিশেহারা।





























