
নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আমলাপাড়া হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সংস্থাটির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মো: এনামুল হক এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে রতন চন্দ্র দাস (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বর্তমান ঠিকানা শহরের কলেজ রোড এলাকা। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কৃষ্ণপুর সংলগ্ন এলাকা।
অধিদপ্তর জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





























