
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
আনোয়ারা উপজেলায় মোমবাতি প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের আওতাধীন পরৈকোড়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মেহেরাজ।
রবিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পরৈকোড়া ইউনিয়নে আয়োজিত গণপ্রচারণায় তিনি এ মন্তব্য করেন। হযরত শাহ আলী রজা কানু শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মামুর খাইন বাংলা বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
প্রচারণা চলাকালে ‘মোমবাতি, মোমবাতি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। এতে ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্রসেনা, যুবসেনা ও বিভিন্ন স্তরের সুন্নিজনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতীক। তাঁকে বিপুল ভোটে জয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।





























