
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মদনপুর-আড়াইহাজার মহাসড়কের মারুয়াদি এলাকায় ট্রাক থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে অস বাংলা জুটেক্স লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মহাসড়কের ওই স্থানে একদল ছিনতাইকারী রাস্তার ওপর কলা গাছ ফেলে একটি চলন্ত ট্রাক থামিয়ে দেয়। ট্রাকটি থামার পর ছিনতাইকারীরা চালক ও হেলপারকে মারধর করে। পরে তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
আহতদের মধ্যে ট্রাক চালক হোসেন আলী সাতক্ষীরা জেলার সুলতান গাজীর ছেলে এবং হেলপার আলমগীর কালিমুল্লা বগুড়া জেলার বাসিন্দা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি আরও জানান, "ছিনতাইকারীদের ধরতে আমরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মহাসড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে।"





























