
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ৫ শতাধিকেরও বেশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ৮টা থেকে দিনব্যাপী এই বিশেষ মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এবং ৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।
চিকিৎসাসেবায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডা. মেজর কানিজ ফাতেমা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন। তারা বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ ও চশমা প্রদান করেন।
এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসি, মেডিকেল ক্যাম্পটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ভবিষ্যতেও দেশের প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের চিকিৎসাসেবা অব্যাহত থাকবে, যাতে সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হতে পারেন।





























