
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন। সভাটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী। আলোচনায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দেশপ্রেমকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ভূঁইয়া, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান ও পৌরসভা জামায়াতের সভাপতি মুহাম্মদ নুরুল আমিন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন বলেন, “এ দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ এক দিন। বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।”





























