
তপন চক্রবর্তী
বিশেষ প্রতিনিধি
বান্দরবান জেলা শহরের বালাঘাটার শৈলসভা এলাকায় আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবান বালাঘাটা বাজার সমিতির সভাপতি মো: আবু তাহেরের তিন ভাইয়ের বাসাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে মালামাল ও মূল্যবান সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে ৩০-৩৫ লাখ টাকা।
বান্দরবান বালাঘাটা বাজার সমিতির সভাপতি মো: আবু তাহের বলেন, আমি আগুন লাগার খবর শুনে তাড়াহুড়ো করে এসে দেখি আমাদের পুরান বাড়িতে আমার তিন ভাই থাকতো মুক্তার, আক্তার, ইমরান, তাদের ঘরগুলো আগুনে পুড়ছে। তাদের ঘর থেকে কোনো ধরনের মালামাল বের করতে পারেনি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার ঘরেও লেগে ছিলো আগুন কিন্তু সবার সার্বিক সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।





























