
আলমগীর হোসেন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলা নববর্ষ-১৪৩২ বরণ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।
সোমবার (১৪ এপ্রিল) সকালে এসো হৈ বৈশাখ গানের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বৈশাখী উৎসব। এরপরে আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ বৈশাখী চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পান্তা ভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৭ দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও সুধীজন।
এছাড়াও দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে। আয়োজনগুলোতে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও নতুন বছরের আনন্দ একত্রিত হয়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।



































