
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি অটোভ্যানসহ তৃতীয় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় ৮শ’ অবিতরণকৃত পাঠ্যবই জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে ধুনট কাঁচাবাজার সড়কের একটি পুস্তক ব্যবসায়ীর গুদাম এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ইসমাইল হোসেন মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং অফিসার পাড়ার মোজাম্মেল হকের ছেলে মইনুল ইসলাম ওরফে মুঞ্জুরুল (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম একটি অটোভ্যানে করে সরকারি অব্যবহৃত পাঠ্যবই ব্যবসায়ী মইনুল ইসলামের গুদামে নামিয়ে দিচ্ছিলেন। এ সময় স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধুনট থানার ওসিকে অবহিত করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে বইগুলো জব্দ এবং অভিযুক্তদের আটক করা হয়।
এ বিষয়ে ধুনট থানার এস আই এস.এম অমিত হাসান মাহমুদ বলেন, “সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (১৫ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।





























