
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর অধীনে এবার এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৩৬৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে।
গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, "এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় ১ লাখ ৬০ হাজার ৫৮২ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৯ হাজার ২১৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এ পরীক্ষায় গাইবান্ধা জেলায় ৪ ও লালমনিরহাট জেলায় ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এবং ১৩৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ০ দশমিক ৮৫ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুর জেলার ২৪৪, গাইবান্ধায় ১৭৯, নীলফামারীতে ১৪৬, কুড়িগ্রামে ১৪৭, লালমনিরহাটে ১৫২, দিনাজপুরে ২৮১, ঠাকুরগাঁয়ে ১২৪ ও পঞ্চগড় জেলায় ৯৪ জন। এছাড়াও সকল কেন্দ্রেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।



































