
আজহারুল ইসলাম মোহনগঞ্জ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অন্তর্বতী সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যর উর্ধ্বগতি সামলাতে পারছেন না। তাই দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সম্মানের সহিত বিদায় নিন।তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে রাজপথে নামতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের তৈরি থাকতে বলেন তিনি।মঙ্গলবার (২৫ শে ফেব্রুয়ারী) বিকেলে মোহনগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রেল স্টেশন সংলগ্ন মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নেত্রকোনা ৪-( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মিথ্যা মামলায় আমাকে দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাগারে আটকে রেখেছে। শুধু আমাকে কারাগারে রেখেছে তাই নয়। গত সাড়ে ১৭ বছর পুরো দেশকেই কারাগারে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার। বিএনপি নেতা বাবর বলেন, কারাগারে থাকাকালে আওয়ামী লীগ সরকার আমাকে দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দেওয়াতে চেয়েছিল। অনেক নির্যাতন করেছে। কিন্তু পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন,জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূর করা হবে। সরকারি -বেসরকারি চাকুরির পাশাপাশি উদ্যোক্তা তৈরি করে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন এর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দৃুল মান্নান তালুকদার, জেলা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি, মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুৃম, সদস্য সচিব গোলাম রাব্বানী পুতুল,উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তোফাজ্জল হোসেন তালুকদার (জীবন) প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।



































