
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গোডাউন ও গেঞ্জির কাপড়ের ছাপাখানা সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সস্তাপুর এলাকায় হযরত শাহ মাজার সংলগ্ন হৃদয় আহমেদের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে গোডাউন থেকে হঠাৎ লেলিহান শিখা উঠতে দেখা যায়। আশপাশের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালালেও তা পাশের এমরান মিয়ার ছাপাখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।



































