
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে দুটি ওয়াশিং ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে ৩,৩০০ ঘনফুট ও ২,৭০০ ঘনফুট গ্যাস ব্যবহারের প্রমাণ মেলায় ফ্যাক্টরি দুটিকে জরিমানা করা হয়।
অবৈধ গ্যাস ব্যবহার রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বুধবার (১১ ডিসেম্বর ) ফতুল্লার নয়ামাটি রোড ও হাজীগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়।
নয়ামাটির লামাপাড়া এলাকায় টেকনিক ওয়াশ এন্ড ইফেক্ট নামক ফ্যাক্টরিতে ৫টি ড্রায়ার ও ১টি বয়লারের মাধ্যমে ৩,৩০০ ঘনফুট অবৈধ গ্যাস ব্যবহার করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে হাজীগঞ্জ এলাকায় আর আর ফ্যাশন এন্ড লন্ড্রি কারখানায় ৪টি ড্রায়ার ও ১টি বয়লারের মাধ্যমে ২,৭০০ ঘনফুট অবৈধ গ্যাস ব্যবহার করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ছিলেন জোবিঅ-ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, প্রকৌশলী সৈয়দ মো. আবু সুফিয়ান, প্রকৌশলী তাইফুর রহমানসহ আবিবি-নারায়ণগঞ্জের অন্যান্য কর্মকর্তা।
ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান বলেন, রাষ্ট্রীয় জ্বালানির অপচয় বন্ধ এবং আইন-শৃঙ্খলা কার্যকর রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অবৈধ গ্যাস ব্যবহার প্রতিরোধে ভূমিকা রাখবে ।





























