
গোয়ালন্দ উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এক আবেগঘন বার্তায় উপজেলাবাসীর প্রতি তার ভালোবাসা, কৃতজ্ঞতা এবং বিদায়ের দুঃখ প্রকাশ করেছেন। তিনি গত ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে ঐতিহ্যবাহী গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় এক বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন শেষে ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হয়েছেন।
আপন মনোভাব নিয়ে কাজ করা জ্যোতি বিকাশ চন্দ্র তার বার্তায় বলেন, “গোয়ালন্দ উপজেলার প্রতিটি মানুষের জন্য ইউএনও অফিসের দরজা সবসময় উন্মুক্ত ছিল। আমি চেষ্টা করেছি ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে সবার অভিযোগ শুনে তা আইনানুগভাবে সমাধান করতে।” তিনি আরও উল্লেখ করেন, "কিছু সীমাবদ্ধতার কারণে সকল সমস্যা সমাধান করতে না পারলেও আন্তরিকতার কোনো অভাব ছিল না।"
বার্তায় তিনি বলেন, “গোয়ালন্দ উপজেলাবাসীর কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি তা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। উপজেলাবাসীর সেবায় কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের।” তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার জন্য বিদায় জানালেও গোয়ালন্দবাসীর মঙ্গল কামনায় তার দোয়া থাকবে বলে উল্লেখ করেন।
তিনি স্বীকার করেছেন যে কাজ করতে গিয়ে কেউ কেউ তার কিছু সিদ্ধান্তে কষ্ট পেয়ে থাকতে পারেন, তবে তিনি সবসময় দায়িত্ব পালনে ব্যক্তিগত নয়, পেশাগত কারণে কঠোর হতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। অনেক কাজ অসমাপ্ত রেখেই চলে যেতে হলো, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।”
বার্তার শেষাংশে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, “ভালো থাকুক গোয়ালন্দ, ভালো থাকুক গোয়ালন্দ উপজেলাবাসী।”
গোয়ালন্দের সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার এই বিদায়ী বার্তা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। অনেকেই তাকে একজন সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে মনে রেখেছেন।
জ্যোতি বিকাশ চন্দ্রের বিদায়ী বার্তা প্রমাণ করে তিনি শুধুমাত্র একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা নন, একজন মানবিক ব্যক্তিত্ব। তার নতুন পদে আরও সাফল্যের জন্য গোয়ালন্দবাসী তার জন্য শুভকামনা জানিয়েছেন।





























