
কবির হোসেন
রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সারে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী । এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এর মধ্যে রহনপুর স্টেশন বাজারের ফাহিম স্টোরকে ৩ হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ৩ হাজার টাকা ও জুয়েল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা টাঙ্গানো হয়েছে কি না, পণ্যের বিক্রয়মূল্য এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করলে বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























