
জহিরুল ইসলাম
ঝিকরগাছা যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নাজমুস সাকিব (২৭) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ফাহিম বিশ্বাস (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ফাহিম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত নাজমুস সাকিব জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝিকরগাছা পৌর শহরের মোবারকপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাকিব ও ফাহিম প্রাইভেট কারে যশোর থেকে ঝিকরগাছার উদ্দেশে ফিরছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা উপজেলার কৃর্তিপুর মোড়ে পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর যশোর বেনাপোল মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। আর গুরুতর অবস্থায় ফাহিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। যেভাবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আর আহত যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।





























