
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি বেসরকারি ব্যাংকের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র মেরামত করার সময় বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ইস্টার্ন ব্যাংকের কাঁচপুর শাখায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে মো. তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা মো. রাফি (২২)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ব্যাংকের নিচতলার পেছনের অংশে তিনজন শ্রমিক এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় কম্প্রেসার বিস্ফোরণে দু’জন শ্রমিক গুরুতর অগ্নিদগ্ধ হন। অপর শ্রমিক দূরে থাকায় অক্ষত ছিলেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিস্ফোরণের পর নিরাপত্তা কারণে ব্যাংকের লেনদেনসহ সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির কম্প্রেসারে ত্রুটির কারণে বিস্ফোরণ হয়েছে। তবে বিস্তারিত তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।”





























