
ইয়ার রহমান আনান:কক্সবাজার ব্যুরো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে শুরু হয়েছে ভোট গণনা। গণনা চলাকালেই বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিরঙ্কুশ জয়ের পথে রয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে চূড়ান্ত ফল জানার জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
ভোটের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার কিছু পর সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ এবং কনিষ্ঠ পুত্র সাঈদ ইব্রাহিম। সাধারণ ভোটারদের সঙ্গে সারিতে দাঁড়িয়ে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকেন্দ্র এলাকায় এ সময় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নানা বাধা-বিপত্তির মধ্যেও দেশে ধীরে ধীরে ভোটের অনুকূল পরিবেশ ফিরে আসছে। তাঁর মতে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে—এটি গণতন্ত্রের প্রতি আস্থার একটি ইতিবাচক বার্তা।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের সমান অধিকার নিশ্চিত হওয়া জরুরি এবং ভোটের মাধ্যমেই জনগণ তাদের মতামত প্রকাশ করবে—এটাই প্রত্যাশা।
তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি পক্ষ দেশের বিভিন্ন স্থানে ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে। গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনিয়মের যেকোনো উদ্যোগ জনগণই প্রতিহত করবে।
এদিকে ভোটগ্রহণ শেষে দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দলীয় নেতাকর্মীরা দাবি করেন, বেশির ভাগ কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছেন। তাঁদের ভাষ্যমতে, গ্রামাঞ্চলের কেন্দ্রগুলোতে ভোটের ব্যবধান তুলনামূলক বেশি।
গণনা শেষ হলে নির্বাচন কমিশনের ঘোষণার মাধ্যমে কক্সবাজার–১ আসনের চূড়ান্ত ফলাফল জানা যাবে। তবে দলীয় পর্যায়ের প্রাথমিক হিসাব অনুযায়ী সালাহউদ্দিন আহমদ বিজয়ের কাছাকাছি অবস্থানে রয়েছেন বলে দাবি করা হচ্ছে।





























