
গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক শুক্রকার মধ্যরাত ১টা হতে সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নোয়াখালী থেকে ঢাকাগামী ২টি ট্রাকে অভিযান চালিয়ে ৪,৮৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত জাটকার প্রকৃত মালিক চিহ্নিত করা সম্ভব না হওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ট্রাক চালকদের উপস্থিতিতে অবৈধ জাটকা ছাড়া অন্যান্য বৈধ মাছ ট্রাকের স্টাফদের বুঝিয়ে দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে, নারায়ণগঞ্জ সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ ফরিদা ইয়াসমিন এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ডের এই বিশেষ অভিযানে অবৈধ জাটকা সংরক্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রমাণ মেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে দেশের মৎস্য সম্পদ রক্ষা করা যায় এবং জাটকা ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত হয়।
উল্লেখ্য, দেশের মৎস্য সম্পদের সংরক্ষণে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।





























