
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুরে মধ্যনগর বাজারে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে মো. মোশারফ হোসেন জয়ী হয়েছেন।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার এবং সদস্য মো. কামাল হোসেন।
প্রথম অধিবেশন শেষে দুপুর আড়াইটায় ভোটগ্রহণ শুরু হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক পদে তালা প্রতীকে মো. মোশারফ হোসেন ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের মো. জামাল মিয়া পান ১৪৯ ভোট।
এছাড়া একক প্রার্থী হিসেবে সভাপতি পদে বিপ্লব তালুকদার, সহ-সভাপতি পদে মো. বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গোলাম কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফারুক মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো. আবে হায়াৎ এবং সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল কাইয়ুম মজনু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।





























