
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী কাউছারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে শাশুড়ি রাশিদা বেগম ও ছেলে ইমদাদুল হক কাঁচপুরে মেয়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। বিকেলে ইমদাদুল ঘুরতে বাসা থেকে বের হয়ে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাশুড়ি রাশিদা মেয়ের পক্ষ নেওয়ায় কাউছার ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে বটি দিয়ে প্রথমে স্ত্রী লাভলীকে কুপিয়ে হত্যা করে। পরে মেয়েকে বাঁচাতে এলে শাশুড়িকেও কুপিয়ে হত্যা করে সে।
ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এলাকাবাসী কাউছারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। নিহত লাভলী বেগমের ভাই ইমদাদুল হক সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার বিচারকার্য চলাকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত আজ রায় ঘোষণা করেন।





























