
নারায়ণগঞ্জের ফতুল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মীম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি দ্রুতগামী ট্রাক মীমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। মীম দক্ষিণ সস্তাপুর এলাকার বাসিন্দা মতি মিয়ার মেয়ে। মীমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ট্রাকটিকে ধাওয়া করে আটক করে। পরে তারা ট্রাকসহ চালককে পুলিশে হস্তান্তর করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।





























