
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া সংবাদদাতা: নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁওয়ের তাঁর নিজ বাড়িতে হাজার হাজার নেতা-কর্মী ফুলেল শুভেচ্ছা জানাতে উপস্থিত হন। এ সময় বিজয়ী প্রার্থী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে ১,৪৩,৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা) ১,২০,৯৭৫ ভোট পান। দু’জনের ভোটের ব্যবধান ছিল ২২,৬৯৪। কিশোরগঞ্জ-২ আসনের মোট ভোটার সংখ্যা ছিল ৫,৩২,৫১৬, এবং প্রায় ৫২.৫৮% ভোটার ভোট প্রদান করেন। বিজয়ের খবর পাওয়া মাত্রই এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয় এবং সকাল থেকেই জালাল উদ্দিনের নিজ বাড়িতে নেতাকর্মীদের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে।





























