
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা ও পোরশা উপজেলার সীমন্ত যাত্রীবাহী বাস উল্টে নূর বানু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮ টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে যাত্রীবাহি বাসটি নিতপুর থেকে নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করেছিলো । ঘন কুয়াশার কারণে চালক পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরও ৩ যাত্রী। স্থানীয়রা তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, গত ৩ দিন ধরে এ অঞ্চলের সব এলাকা ঘন কুয়াশায় ঢাকা। কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





























