
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬৬৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। নির্বাচনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন, জামায়াত মনোনীত নরসিংদী-১ এর প্রার্থী ইবরাহীম ভূইয়া ও গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এড. শিরিন আক্তার সহ অন্যান্য প্রার্থীরা। সকালে পলাশ উপজেলার চরনগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ড. আব্দুল মঈন খান। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি সকল ভোটারকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবেন। অন্যদিকে সকাল ৮টায় নরসিংদী সদরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন খায়রুল কবির খোকন। ভোট শেষে তিনিও ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা কেন্দ্রের বাইরে অবস্থান করলেও সার্বিক পরিবেশ শান্ত ছিল। এদিকে সকাল পৌনে ৮টায় নরসিংদী সদর-১ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এবং রাজাদী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এড. শিরিন আক্তার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন জানান, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে ৫ শতাধিক সেনাবাহিনীর সদস্য, প্রায় ১ হাজার ৫ শত পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, র্যাব ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া জেলাজুড়ে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, চরাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়। নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ১৯ লাখ ৪৭ হাজার ৯ শত ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।





























