
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাল ভোট দেওয়ার চেষ্টা করতে গিয়ে ওমর ফারুক (১৮) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (আজ) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার ১০৫ নম্বর চর পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক ওমর ফারুক চর পাকুন্দিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।





























