
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলা নতুন বছরকে বরণ করতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে।
(১৪ এপ্রিল) সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ কোয়ার্টার মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকাল ১০টায় উপজেলা কোয়ার্টার মাঠ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বিল্লাল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকার।
শোভাযাত্রায় ব্যান্ডপার্টি, লাঙল, জোয়াল, কুলাসহ দেশীয় বিভিন্ন জিনিস এবং বাহারি পোশাকে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এর আগে জাতীয় সংগীত এবং পহেলা বৈশাখের গান পরিবেশন করা হয়।
এছাড়াও শোভাযাত্রা শেষে কোয়ার্টার মাঠে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়। এতে ভিড় জমান বিপুল সংখ্যক উৎসুক জনতা।



































