
আড়াইহাজারের প্রবীণ সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক গোপালদী বাজার সংবাদদাতা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ্ব কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী (শনিবার)।
প্রবীণ এই সাংবাদিক ও সমাজসেবক দীর্ঘ ৪০ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক ও জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
কাজী মোদাচ্ছের হোসেন সুলতান ছিলেন আড়াইহাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। স্থানীয় সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সুযোগ্য সন্তান মাসুম বিল্লাহ বর্তমানে আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মরহুমের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হবে। এছাড়া তার নিজ বাড়ি কড়ইতলা শাজলীয়া জামে মসজিদে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হবে এবং তার স্মৃতিচারণ করা হবে।
উল্লেখ্য, কাজী মোদাচ্ছের হোসেন সুলতান সাংবাদিকতার পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তার অবদান আজও আড়াইহাজারবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।





























