
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহত হয়েছেন। তার দুই বন্ধু মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত বৃহস্পদিবার দিবাগত রাত ৩টার দিকে পূর্বাচল ৩০০ ফিট এলাকার নীলা মার্কেট সংলগ্ন যাত্রী ছাউনির সামনে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বুয়েটের তিন বন্ধু মুহতাসিম, মেহেদী ও অমিত মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ল-৪৩-১০৭৯) করে পূর্বাচল নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করতে যান। রাতে ফিরে আসার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৪৩-০৪৫১) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় মুহতাসিম ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় মেহেদী ও অমিতকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পথচারীদের সহযোগিতায় পুলিশ প্রাইভেটকার চালক মোঃ মুবিন আল মামুন (২০) এবং তার সঙ্গে থাকা দুজন আরোহী, মোঃ মিরাজুল করিম (২২) ও মোঃ আসিফ চৌধুরী (১৯)-কে আটক করেছে। প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
নিহত মুহতাসিম মাসুদ, বুয়েটের সিএসই বিভাগের ২য় বর্ষের ছাত্র। আহত মেহেদী হাসান খান ও অমিত সাহা, একই বিভাগের শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন মোঃ মুবিন আল মামুন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গাড়ির আরোহীরা বন্ধুদের নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন।





























